বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
নাসিমা শাহীন ফ্যান্সির জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। শৈশবেই বাবা মরহুম আব্দুর রহমান ও মা জাহানারা রহমানের উৎসাহে তাঁর সঙ্গীতে হাতেখড়ি। একদম শুরু থেকেই তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন ওস্তাদ অরুণ চক্রবর্তী, ওস্তাদ গোলাম মোস্তফা ও ওস্তাদ আবদুল বারী খানের কাছে। ১৯৮২ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তনে ভর্তি হয়ে ১৯৮৮ সালে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতের কোর্স সফলভাবে সম্পন্ন করেন। এ সময় ওস্তাদ ফুল মোহাম্মদ, ওস্তাদ সগীর উদ্দীন খাঁ, গুরুজী অসিত দে ও সঞ্জীব দের সান্নিধ্যে দীর্ঘদিন তালিম গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত, তিন কবির গান, আধুনিক ও দেশাত্মবোধক গানে সমান দক্ষতা অর্জন করেন। অঞ্জলি রায়, নীলিমা দাস, সুধীন দাস, সোহরাব হোসেন, আহসান মোর্শেদ, সেলিনা চৌধুরী, সুমন চৌধুরী ও খায়রুল আনাম শাকিলের কাছ থেকেও তিনি নজরুল সঙ্গীতে তালিম নেন। ছায়ানটে অধ্যয়নকালে অধ্যক্ষ সনজীদা খাতুন, গুরু ওয়াহিদুল হক এবং নীলোৎপল সাধ্যের সান্নিধ্যে রবীন্দ্র ও তিন কবির গানে দীক্ষিত হন।
১৯৮৯ সাল থেকে তিনি ছায়ানটে নজরুল সঙ্গীত ও স্বরসাধনের শিক্ষক হিসেবে কর্মরত এবং একই বছর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তালিকাভুক্ত শিল্পী হন। তাঁর উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে পথিক এসছো নাকি, কে তুমি আমার ডাকো, সাঁঝের পাখীরা, আকাশ ভোরের তারা, কেন ফিরে গেলে, একি সুরে তুমি গান শোনালে ও নিশি নিঝুম। সঙ্গীত জীবনের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে।