বাংলাদেশের সংগীতাঙ্গনের বিশিষ্ট শিল্পী ও সংগীতগুরু, বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক, শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিলের সঙ্গীতসাধনার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় বিশেষ আনন্দ আয়োজন “সুরসাধনার সোনালি অভিযাত্রা”। "অরুণরঞ্জনী" এবং খায়রুল আনাম শাকিলের অন্যান্য শিক্ষার্থীদের নিবেদনে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার সন্ধ্যা ৬টায়, ছায়ানট সংস্কৃতি ভবনের মূল মিলনায়তনে।
দীর্ঘ পাঁচ দশকের সঙ্গীতসাধনা, শিক্ষকতা ও সাংস্কৃতিক অবদানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খায়রুল আনাম শাকিলের ছাত্র-ছাত্রী, সহকর্মী, শুভানুধ্যায়ী, সংস্কৃতিকর্মী ও সংগীতপ্রেমীরা। তাঁর দীর্ঘ সংগীতযাত্রার বিভিন্ন অধ্যায় ও অবদানের স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় সাজানো হয় বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
“সুরসাধনার সোনালি অভিযাত্রা” হয়ে ওঠে একজন শিল্পী ও গুরুর পাঁচ দশকের নিরবচ্ছিন্ন সাধনা, সংগীতের প্রতি তাঁর গভীর নিষ্ঠা এবং অসংখ্য শিক্ষার্থীর জীবনে তাঁর অবদানের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। প্রজন্ম থেকে প্রজন্মে সংগীতের ঐতিহ্য ও সাধনার ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও প্রতিফলিত হয় এই আয়োজনে।
অনুষ্ঠানটির মিডিয়া সহযোগী ছিল এনিগমা টেলিভিশন। দীর্ঘ সঙ্গীতজীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদ্যাপন শিল্পী, শিক্ষার্থী ও সংগীতানুরাগীদের মধ্যে সৃষ্টি করে আনন্দ, আবেগ ও স্মৃতিময় এক সন্ধ্যার আবহ।
আয়োজক: "অরুণরঞ্জনী" ও খায়রুল আনাম শাকিলের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ
তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৫
স্থান: ছায়ানট মিলনায়তন, ছায়ানট সংস্কৃতি ভবন, ধানমন্ডি, ঢাকা
মিডিয়া সহযোগী: এনিগমা টেলিভিশন
